যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল হামাস, বন্ধ দোহা আলোচনা
ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে করে কাতারের রাজধানী দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা কার্যত বন্ধ হয়ে গেছে।
এই আলোচনার মূলে ছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি কাতারি প্রস্তাব। প্রস্তাবের মূল বিষয় ছিল—গাজায় চলমান দীর্ঘদিনের সংঘাতে সাময়িক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়টি।
তবে গাজা থেকে ইসরায়েলি সেনা কতটা প্রত্যাহার করা হবে—এটি নিয়ে মতবিরোধে আটকে গেছে আলোচনা। যদিও তেলআবিবের পক্ষ থেকে সমর্থন ছিল, তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি।
বিবিসিকে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসলে সময়ক্ষেপণ করছেন। তিনি ওয়াশিংটন সফরের আড়ালে দোহায় এমন একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন, যাদের হাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।