চার চরিত্রে আল্লু অর্জুন! অ্যাটলির নতুন সিনেমায় চমক
‘পুষ্পা’ দিয়ে সারভারতীয় জনপ্রিয়তা পাওয়া আল্লু অর্জুন এবার আরও বড় পরিসরে আসছেন। অ্যাটলি কুমারের পরিচালনায় তার নতুন সিনেমা ‘এএ২২*এ৬’-এ তিনি একাই চারটি চরিত্রে অভিনয় করছেন।
বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক এই সিনেমায় আল্লু অর্জুন প্রথমে দুটি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও পরে নিজেই আগ্রহ প্রকাশ করেন চারটি চরিত্রে কাজ করার। তিনি থাকছেন একই পরিবারের দাদা, বাবা এবং দুই ছেলের ভূমিকায়।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রথমে পরিচালকের কিছুটা দ্বিধা থাকলেও লুক টেস্টের পর অ্যাটলি সিদ্ধান্ত নেন— চারটি চরিত্রই আল্লু অর্জুন করবেন। এতে সিনেমার আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছেন নির্মাতারা।
সান পিকচার্সের প্রযোজনায় এই সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর এবং ভিলেন চরিত্রে রাশমিকা মান্দানা। সিনেমার বেশিরভাগ অংশে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। যুক্ত হয়েছে হলিউডের বড় বড় টেকনিশিয়ান ও স্টুডিও।
এই সিনেমার জন্য আল্লু অর্জুন পাচ্ছেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক, পাশাপাশি থাকছে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি রুপি।
বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালে। এটিকে সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।