বাংলাদেশি পণ্যে ৫০% শুল্কের শঙ্কা, অনিশ্চয়তায় গার্মেন্টস খাত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা এবারও কোনো স্বস্তির বার্তা দেয়নি। মূল আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ বাড়তি শুল্ক কমানো। তবে গত ৯ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের বৈঠক শেষে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের নীতিনির্ধারকরাও এ বিষয়ে খোলাসা করে কিছু জানাচ্ছেন না।
জানা গেছে, পুরো জুলাই মাস জুড়ে আলোচনা চলবে। যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে বাংলাদেশের সক্ষমতা মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনই বলা যাচ্ছে না। ফলে দুই দেশের বাণিজ্যে ট্যারিফ ইস্যু নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করে। পরে তা ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। ফলে, পূর্বের ১৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন ৩৫ শতাংশ যোগ হয়ে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ। যদি কোনো পরিবর্তন না আসে, তবে আগামী আগস্ট থেকেই এই হারে পণ্য পাঠাতে হবে যুক্তরাষ্ট্রে।
এ বিষয়ে গার্মেন্টস বায়িং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এম সাইফুর রহমান বলেন, "আগস্ট থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রফতানি হঠাৎ করেই বড় ধরনের ধাক্কা খাবে। ইতোমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে।"
তিনি জানান, অনেক প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে। উদ্যোক্তারা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন। ফলে দেশের রফতানি খাত পড়েছে বড় অনিশ্চয়তার মধ্যে।
বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, "ইউএসটিআর থেকে প্রথম যে চিঠি এসেছিল, সেটা ছিল ইতিবাচক। কিন্তু দ্বিতীয় চিঠি প্রকাশ করা হয়নি। আর ৩৫ শতাংশ শুল্ক বহাল থাকলে সেটা আমাদের জন্য বড় বোঝা হয়ে যাবে।"
গত অর্থবছরে আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বৃদ্ধি পায়। বলা যায়, মার্কিন বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। তবে নতুন শুল্কের ধাক্কায় সেই প্রবৃদ্ধি থেমে যেতে পারে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, "আলোচনায় বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে যারা সরাসরি ব্যবসা করেন কিংবা গবেষণা করেন, তাদের থেকে পরামর্শ নেওয়া হয়নি। ফলে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।