শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনশেষবার বন্ধুকে দোয়া চেয়ে পাঠানো ভয়েস মেসেজে আবেগঘন হুমাইরা আসগর

শেষবার বন্ধুকে দোয়া চেয়ে পাঠানো ভয়েস মেসেজে আবেগঘন হুমাইরা আসগর

favicon
অনলাইন সংস্করণ
শেষবার বন্ধুকে দোয়া চেয়ে পাঠানো ভয়েস মেসেজে আবেগঘন হুমাইরা আসগর

পাকিস্তানের করাচিতে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউজিং অথরিটি) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের পচাগলা মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।


ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, হুমাইরার মৃত্যু হয়েছে প্রায় ৮-১০ মাস আগে। এতদিন ফ্ল্যাটে পড়ে থাকার ফলে মরদেহের সব অঙ্গ-প্রত্যঙ্গ পচে গিয়েছে।


অভিনেত্রীর মৃত্যুতে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রশ্ন উঠেছে, এতদিন ধরে কেন তার কোনো খোঁজ নেয়নি কেউ? জানা গেছে, হুমাইরার পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। ফলে অনেকেই ধারণা করছেন, এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়, হয়তো এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য।


এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে হুমাইরার বন্ধুকে পাঠানো একটি শেষ ভয়েস মেসেজ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হুমাইরার ঘনিষ্ঠ বন্ধু দুর-এ-শেহওয়ার সামাজিক মাধ্যমে সেই বার্তা শেয়ার করেন।


ভয়েস মেসেজে হুমাইরাকে বলতে শোনা যায়, "আমি দুঃখিত, একটু ব্যস্ত ছিলাম। এখানে ওখানে ঘুরছিলাম। খুব ভালো লাগল শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু বা বোনের জন্য মন থেকে দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করো।"


এই বার্তা থেকেই অনেকে ধারণা করছেন, হয়তো হুমাইরা মানসিক চাপ ও একাকীত্বে ভুগছিলেন।


এদিকে, দীর্ঘদিনের ভাড়া বাকি থাকায় ভবনের মালিক হুমাইরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। পরে পুলিশ গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাট খুলে তার মরদেহ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ২০ দিন আগে হুমাইরা মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর জানা যায়, মৃত্যুর সময় প্রায় ৯ মাস আগেই।


পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে হুমাইরার বাবা প্রথমে মেয়ের লাশ গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেয়ের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন। তবে শেষ পর্যন্ত হুমাইরার ভাই নাভিদ আসগর লাহোর থেকে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ১০ জুলাই বোনের মরদেহ গ্রহণ করেন।