তারেক রহমানকে টার্গেট করে গভীর চক্রান্ত চলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের উদ্দেশ্য ছিল তারেক রহমানের বিরুদ্ধে ‘একটি গুপ্ত সংগঠনের অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের’ প্রতিবাদ।
রিজভী বলেন, "তারেক রহমান ১০ হাজার মাইল দূর থেকে দেশের মানুষকে সংগঠিত করছেন। গ্রাম থেকে শহর পর্যন্ত তার নেতৃত্বে মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। এজন্যই কিছু রাজনৈতিক দলের এত প্রতিহিংসা।"
তিনি বলেন, "তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। অথচ তাকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।"
রিজভী অভিযোগ করেন, বিভিন্ন ইসলামি সংগঠন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় পরিকল্পিতভাবে যুবদলকে দোষারোপ করা হয়েছে। অথচ ভুক্তভোগীর স্বামী নিজেই বলেছেন, এই ঘটনায় বিএনপির কেউ জড়িত ছিল না। বরং স্থানীয় এক উপদেষ্টার লোকজন এতে জড়িত।
পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে রিজভী বলেন, "লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর থেকেই পিআর নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়। এই দাবির পেছনে উদ্দেশ্য স্পষ্ট। সরকার ধোঁয়াশা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।"
তিনি বলেন, "গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র আমরা মোকাবিলা করতে পারবো। কারণ জনগণ আমাদের পাশে আছে। যদি জনগণ সরকারের সঙ্গে থাকতো, তাহলে তারা নির্বাচন পেছানোর কথা বলত না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের উত্তর মহানগর সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। সমাবেশ শেষে বৃষ্টির মধ্যেও একটি মিছিল বের করা হয়।
এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।