নতুন করে বিপিএল আয়োজনের চেষ্টা, তবে স্পন্সর জোগাড়ে সংকটে বোর্ড
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রিকেটের জন্য যেন সোনার হরিণ। এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে বিসিবির ঘরে আসে অর্থের ফোয়ারা। তবে এই আলোর নিচে ছায়ার মতো রয়েছে নানা বিশৃঙ্খলা।
প্রশ্ন উঠছে—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কি সত্যিই অসহায়, নাকি নিজেদের অক্ষমতা ঢাকতে পারছে না?
গত আসরে দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। এবার নতুন চ্যালেঞ্জের মুখে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিপিএল আয়োজন নিয়ে ইতোমধ্যে বিসিবিতে চলছে ব্যাপক তোড়জোড়। বিভিন্ন মহলের কাছ থেকে নেওয়া হচ্ছে পরামর্শ।
সোমবার (১৪ জুলাই) এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ আরও কয়েকজন।
আলোচনায় অংশ নেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
আজ (১৫ জুলাই) বিসিবির গভর্নিং কাউন্সিল সাংবাদিকদের সঙ্গে বসে বিপিএল আয়োজন নিয়ে মতামত নেবে। বোর্ডের লক্ষ্য আগস্টের মধ্যে দল চূড়ান্ত করা ও সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট আয়োজন।
তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের আসরে দল পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। নির্বাচিত সরকার না থাকায় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে না। যারা আগ্রহ দেখাচ্ছে, তাদেরও নেই স্থায়ী ভিত্তি।
সব ঠিকঠাক থাকলে বিসিবি ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে।