মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশবাবুগঞ্জে মাদকবিরোধী সেমিনার: সামাজিক প্রতিরোধ গড়ার অঙ্গীকার

বাবুগঞ্জে মাদকবিরোধী সেমিনার: সামাজিক প্রতিরোধ গড়ার অঙ্গীকার

favicon
অনলাইন সংস্করণ
বাবুগঞ্জে মাদকবিরোধী সেমিনার: সামাজিক প্রতিরোধ গড়ার অঙ্গীকার

বাবুগঞ্জে মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়তে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে ‘আমরা কেদারপুরবাসী’ সংগঠন। সোমবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জহিরুল আলম, জাগো নিউজের সিনিয়র সাব-এডিটর ও কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাবুগঞ্জের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আরিফ আহমেদ মুন্না।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারুক আহমেদ বলেন,

"সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। এতে যুব সমাজ নৈতিক, পারিবারিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও ‘আমরা কেদারপুরবাসী’র এই উদ্যোগ সময়োপযোগী। সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।"


জাগো নিউজের সিনিয়র সাব-এডিটর সালাহ উদ্দিন মাহমুদ বলেন,

"মাদক এখন সমাজে মহামারির রূপ নিয়েছে। এটি শুধু যুব সমাজকেই বিপথে ঠেলে দিচ্ছে না, বরং পরিবার ও সমাজেও দূরত্ব সৃষ্টি করছে। আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধই একমাত্র পথ।"


সুজনের সম্পাদক আরিফ আহমেদ মুন্না বাস্তব অভিজ্ঞতা থেকে মাদক সিন্ডিকেটের ভয়াবহতা ও তাদের গোপন নেটওয়ার্কের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন সময় তিনি নিজেও হুমকির মুখে পড়েছেন।


সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ‘আমরা কেদারপুরবাসী’র সভাপতি এডভোকেট এম. মোছাদ্দেক বিল্লাহ বলেন,

"শুধু সচেতনতা নয়, এখন সময় সামাজিক প্রতিরোধ গড়ার। আমরা প্রতিজ্ঞা করছি—গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের বিস্তার রোধে কাজ করবো।"


সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও কবি সানাউল্লাহ সাগর। তিনি তার প্রবন্ধে মাদকের প্রতি তরুণদের আসক্তির কারণ, প্রতিকার এবং অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা কেদারপুরবাসী’ সংগঠনের সেক্রেটারি ফরিদ উদ্দিন সরদার। সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি মাদক নিরাময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন।