শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনআসছে কি ‘বজরঙ্গী ভাইজান ২’? সালমানের সঙ্গে আলোচনায় ব্যস্ত কবির খান

আসছে কি ‘বজরঙ্গী ভাইজান ২’? সালমানের সঙ্গে আলোচনায় ব্যস্ত কবির খান

favicon
ভোরের আলো ডেস্ক:
আসছে কি ‘বজরঙ্গী ভাইজান ২’? সালমানের সঙ্গে আলোচনায় ব্যস্ত কবির খান

বলিউডের অন্যতম সেরা সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের এই ব্লকবাস্টার ছবি এখনও দর্শকদের মনে আলাদা জায়গা দখল করে আছে। পাকিস্তানের এক নির্বাক শিশুকন্যাকে দেশে ফিরিয়ে দেওয়ার মানবিক গল্প কোটি কোটি দর্শককে আবেগে ভাসিয়েছিল। তাই ছবিটির দ্বিতীয় পর্বের জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।


সেই অপেক্ষায় এবার একটু আশার আলো দেখালেন ছবির পরিচালক কবির খান। সম্প্রতি ‘পিঙ্কভিলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সত্যিই সালমান খানের সঙ্গে বসে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে আলোচনা চলছে।


কবির খান বলেন, ‘‘আমাদের মধ্যে এই ছবির সিকুয়েল নিয়ে কথা হয়েছে। তবে এটাও ঠিক, এমন একটি আইকনিক ছবির দ্বিতীয় পর্ব বানানোর আগে আমরা খুবই সতর্ক। এখনকার দিনে ফ্র্যাঞ্চাইজি সিনেমার হিড়িক পড়লেও শুধুমাত্র জনপ্রিয়তার জন্য ‘বজরঙ্গী ভাইজান’-এর উত্তরাধিকার নষ্ট করতে চাই না।’’


তিনি আরও বলেন, ‘‘যদি সত্যিই একটি উপযুক্ত গল্প পাই, তখনই ছবিটি বানাব। সেটা হয়তো এখনই, অথবা এক বছর পর। সময় নিয়ে, সঠিক কারণেই এই ছবির পরবর্তী অধ্যায় নির্মাণ করতে চাই।’’


কবির খান সাধারণত সিকুয়েল নির্মাণে আগ্রহী নন। তবে ‘বজরঙ্গী ভাইজান’-এর ক্ষেত্রে তার অনুভূতি একটু ভিন্ন। তিনি জানান, ‘‘এই ছবির উত্তরাধিকারকে সম্মান জানিয়ে যদি শক্তিশালী গল্প পাই, অবশ্যই পরিচালনা করব। শুধু বক্স অফিসের জন্য নয়, বরং গল্পের প্রয়োজনেই।’’


কবির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চন্দু চ্যাম্পিয়ন’। এতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। যদিও ছবিটি বক্স অফিসে মাঝারি সাড়া ফেলেছে।


এখন অনুরাগীরা অপেক্ষায় আছেন—কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘বজরঙ্গী ভাইজান ২’-এর।