গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তপ্ত পরিস্থিতি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এই হামলা শুরু হয়। এতে সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করা হয়। পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
এর আগে, একই কর্মসূচিকে কেন্দ্র করে সকালে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা আয়োজনের কথা ছিল। ওই পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়।
এর আগে, সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়া গান্ধিয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধও করা হয়েছে।
এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।