বগুড়ায় প্রেম প্রত্যাখ্যানের রক্তাক্ত পরিণতি—দুইজন নিহত, ছাত্রীও আহত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় এক স্কুলছাত্রীর দাদী ও ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাত করা হয়েছে ওই ছাত্রীকেও।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার যুবক সৈকত। বন্যা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।
বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশও হয়।
এরই জেরে বুধবার রাতে সৈকত বন্যাদের বাড়িতে ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে দাদী লাইলী বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দাদী ও ভাবিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।