ইরাকে সুপার মার্কেটে আগুন, নিহত অন্তত ৫০
ইরাকের আল কুট শহরের একটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে শহরের একটি পাঁচতলা সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে প্রাদেশিক প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাতভর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আল কুটের গভর্নর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ ঘটনায় ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।