"রাজ্জাকের মুখে 'চাচি' ডাক শুনে হতাশ হয়েছিলাম"—আনোয়ারা
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণের পর তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
সম্মাননা পেয়ে আনোয়ারা বলেন,
“বাচসাস আমার খুব আপন। যে সম্মান পেয়েছি, তা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো।”
দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতি তুলে ধরে তিনি জানান, সিনেমা ‘শুভদা’র সময় সুচন্দা আপার চরিত্রটি করার প্রস্তাব পান। প্রথমে রাজি না হলেও পরিচালক চাষী নজরুল ইসলামের অনুরোধে শেষ পর্যন্ত কাজটি করেন।
আনোয়ারা বলেন,
“আমি ভেবেছিলাম, রাজ্জাক ভাই আমার হিরো হবেন। কিন্তু শুটিং করতে গিয়ে দেখি তিনি আমাকে ‘চাচি’ বলে ডাকছেন। আমি হতাশ হয়ে যাই। কারণ আমি ভাবতাম, রাজ্জাক ভাইয়ের সঙ্গে রোমান্টিক দৃশ্যে কাজ করবো। পরে জানলাম, আমার হিরো হচ্ছেন গোলাম মোস্তফা ভাই। তিনিও একজন বড় মাপের শিল্পী। মন দিয়ে কাজটা শেষ করি এবং পুরস্কারও পাই।”
কুমিল্লার মেয়ে আনোয়ারা ষাটের দশকে ঢালিউডে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—
‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘সখিনার যুদ্ধ’, ‘মরণের পরে’, ‘রাধা কৃষ্ণ’, ‘বাংলার বধূ’, ‘অন্তরে অন্তরে’ এবং ‘শুভদা’।