“গাজা নিয়ে সুখবর”—যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, “গাজা নিয়ে আমাদের কাছে কিছু ভালো খবর আছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ে কাজ করছি। স্টিভ উইটকফ (মধ্যপ্রাচ্য বিষয়ক দূত) দারুণ কাজ করছেন।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনার মূল বিষয়—গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দোহায় চলমান আলোচনায় ইতোমধ্যে ‘নাটকীয় অগ্রগতি’ হয়েছে। ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, চুক্তি হওয়ার পথে এখন আর বড় কোনো বাধা নেই।
এদিকে আলোচনাসংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে কিছুটা ‘নমনীয়তা’ দেখিয়েছেন, যা সমঝোতার পথ আরও খুলে দিয়েছে।
কাতারে গত ৬ জুলাই থেকে এ আলোচনা শুরু হয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের লক্ষ্যে আলোচনা দ্রুত এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।