মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশকিশোরী উদ্ধার অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৭ সদস্য

কিশোরী উদ্ধার অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৭ সদস্য

favicon
অনলাইন সংস্করণ
কিশোরী উদ্ধার অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত ৭ সদস্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


র‍্যাব জানায়, অপহরণকারীর স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে র‍্যাবের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এতে র‍্যাবের ৫-৭ জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। পরে মূল অপহরণকারী লিয়ন বাবু (২২) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া লিয়ন বাবু গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে। গত ১১ জুলাই দুপুরে তিনি উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের স্কুলছাত্রী ১৩ বছরের শারিয়া মোসতারিনকে অপহরণ করেন।


ওইদিন রাতেই মোসতারিনের পরিবার গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করে।


র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা নয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী ও লিয়ন বাবুকে উদ্ধার করে। এ সময় বাড়িতে থাকা স্বজনরা ও তার সহযোগীরা লিয়নকে ছিনিয়ে নিতে হামলা চালায়।


পরে ঘটনাস্থল থেকে লিয়ন বাবুসহ তিনজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আহত র‍্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক চিকিৎসার পর থানায় আনা হয়েছে। ভিকটিম ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।