যুক্তরাষ্ট্র ভিসায় ভুয়া নথি দিলেই আজীবন নিষেধাজ্ঞা: ঢাকায় দূতাবাসের হুঁশিয়ারি
ভিসা প্রার্থীরা যদি ভুয়া নথিপত্র জমা দেন বা তথ্য গোপন করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কঠোর সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘‘এ ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। কনস্যুলার অফিসাররা সবসময় ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন পদ্ধতি এবং ভুয়া নথি তৈরির প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকেন।’’
যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা ও সঠিক তথ্য প্রদান করা প্রত্যেক আবেদনকারীর দায়িত্ব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন কিংবা ভুয়া নথিপত্র দাখিল করেন, তাহলে সেটি গুরুতর অপরাধ। এতে প্রার্থীর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণ ও অভিবাসনের সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।
এছাড়া, ভিসা আবেদনকারীদের দালাল বা প্রতারকদের সহায়তা না নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা নিজেরাই যেন নির্ভুলভাবে আবেদন করেন, তাতে নিজেরাও সুরক্ষিত থাকবেন।