বিজয় দেবারকোন্ডা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবারকোন্ডা দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে ছিলেন। তবে চলতি মাসের শেষ দিকে তিনি ফিরছেন নতুন সিনেমা ‘কিংডম’-এর মাধ্যমে।
এই সিনেমায় বিজয় দেবারকোন্ডার সঙ্গে আরও অভিনয় করছেন ভাগ্যশ্রী ও সত্যদেব। ইতিমধ্যে সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন অভিনেতা। তবে এরই মাঝে দুঃসংবাদ এসেছে— ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজয়।
একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিজয় দেবারকোন্ডা। পরিবারের সদস্যরা ও সিনেমার টিম নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
গৌতম তিন্নানুরি পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমা ‘কিংডম’-এর পটভূমি নির্ধারিত হয়েছে স্বাধীনতা-উত্তর শ্রীলঙ্কার সিংহলি-তামিল সংঘাতের প্রেক্ষাপটে।
শরণার্থী সংকটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমার মূল কাহিনি।
প্রথমে সিনেমাটি ৩০ মে মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে ৪ জুলাই ও পরে আবার ৩১ জুলাই নির্ধারণ করা হয়। মুক্তি পেছানোর অন্যতম কারণ ছিল ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনা।
বিশেষ করে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর নির্মাতারা সিনেমার মুক্তির পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হন।
তবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ‘কিংডম’-কে ঘিরে দর্শকদের আগ্রহ এখনো অটুট।