ধানমন্ডিতে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাই, পুলিশের সামনেই চলে গেল যুবক
রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছেন এক ছিনতাইকারী। ছিনতাইয়ের পর ওই যুবক চাপাতি হাতে দিব্যি পুলিশের সামনে দিয়েই চলে যান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবককে চাপাতি হাতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা ছিনতাইকারী। একপর্যায়ে পথচারীর ব্যাগ ছিনিয়ে রাস্তা পার হয়ে চলে যান তিনি। আশপাশে থাকা কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য তখন যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। ছিনতাইকারী তাদের সামনেই চাপাতি হাতে ঘটনাস্থল ত্যাগ করেন।
এসময় রাস্তায় উপস্থিত মানুষজন চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ঘটনাটি ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।
এ নিয়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি।
তিনি বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।”
ধানমন্ডি থানার ওসি ক্যাশৈন্যু মারমা বলেন, “রাত ১২টার পর রাসেল স্কয়ার এলাকায় ট্রাক ও নৈশকোচের চাপ থাকে বেশি। ট্রাফিক পুলিশ তখন যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় হয়তো ছিনতাইকারীর বিষয়টি খেয়াল করেননি।”
ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়ালেও পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।