শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনক্যারিয়ারে ভাটার টান, সিনেমাহীন হয়ে পড়লেন পূজা চেরী

ক্যারিয়ারে ভাটার টান, সিনেমাহীন হয়ে পড়লেন পূজা চেরী

favicon
অনলাইন সংস্করণ
ক্যারিয়ারে ভাটার টান, সিনেমাহীন হয়ে পড়লেন পূজা চেরী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করলেও ২০১৮ সালে 'নুরজাহান' ছবির মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। সম্ভাবনাময় নায়িকা হিসেবে অনেক নির্মাতা পূজাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন।


কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে এই অভিনেত্রীর। শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয়ের পর থেকেই ক্যারিয়ার বিপদের মুখে পড়ে। সরকারি অনুদানে নির্মিত সেই সিনেমাটি আলোচনায় থাকলেও পরবর্তীতে শাকিব-পূজার প্রেমের গুঞ্জন তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।


এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও দর্শক আগ্রহ হারিয়েছে পূজার প্রতি। ২০২০ সালে মুক্তি পায় ‘হৃদিতা’, ২০২৩ সালে ‘জ্বীন’, ২০২৪ সালে ‘লিপস্টিক’ ও ‘আগন্তুক’। সর্বশেষ চলতি বছরের কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমাটিও ছিল বড় ধরনের ফ্লপ। এক সপ্তাহের মধ্যেই এটি সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয় দর্শক অনাগ্রহের কারণে।


এই ধারাবাহিক ব্যর্থতায় ইমেজ সংকটে পড়েছেন পূজা। নির্মাতাদের মধ্যেও তার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ফলে কাজের সংখ্যাও দিন দিন কমছে।


এদিকে চলতি বছরের শুরুতে ‘ব্ল্যাক মানি’ নামে একটি ওটিটি সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় আসার চেষ্টা করেছিলেন পূজা। সিরিজটিতে ‘শায়লা’ চরিত্রে কিছুটা খোলামেলা রূপে নিজেকে উপস্থাপন করায় সমালোচনার মুখে পড়েন। তবে ওটিটি থেকেও আশানুরূপ সাফল্য পাননি।


পরবর্তীতে পুরনো ঘর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছিলেন পূজা চেরী। এই প্রতিষ্ঠান থেকেই শোবিজে তার নায়িকা হিসেবে যাত্রা শুরু। মাঝে মনোমালিন্যের কারণে কিছুটা দূরত্ব তৈরি হলেও গত বছর পূজা ফের জাজে ফেরেন। সেসময় ‘নারী’ নামে একটি নতুন সিনেমায় কাজের কথাও শোনা গিয়েছিল। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


তার আগেই আরও একটি দুঃসংবাদ পেয়েছেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘মাসুদ রানা’ সিনেমায় তিনি ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছিলেন। শুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি।


কিন্তু সিনেমাটির নির্মাতা সৈকত নাসির জানিয়ে দিয়েছেন, অর্থ সংকটের কারণে আপাতত এই সিনেমার কাজ বন্ধ। ফলে পূজা চেরীকে থাকতে হচ্ছে সিনেমাহীন।


সব মিলিয়ে ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন পূজা চেরী। টানা ফ্লপ, কাজের সংকট আর সিনেমা আটকে যাওয়ায় শোবিজে তার সামনে এখন বড় চ্যালেঞ্জ।