সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শুক্রবার (১৮ জুলাই) রাতে সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেফতার হওয়া তিনজন হলেন—জাহাঙ্গীর আলম, নৈশ প্রহরী আলমগীর হোসেন ও আকাশ। এর মধ্যে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এর আগে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে জনির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত জনি ও তার সহযোগীরা নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাই করতো। গত ১৪ জুলাই রাতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তাকওয়া টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পানিতে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।