"মাফিয়া সিস্টেমের সঙ্গে আর খেলব না"—নারায়ণগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ছাড়া মুক্তি নেই। তিনি বলেন, দেশের মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এ সিস্টেমের সঙ্গে আর কোনো আপস নয়।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "গণঅভ্যুত্থানের পর বলেছিলাম, রাষ্ট্রব্যবস্থা পাল্টাতে হবে। কিন্তু এখনও নারায়ণগঞ্জে সন্ত্রাস-খুন থামেনি। গতরাতে জুলাই পদযাত্রার তোরণ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আতঙ্ক তৈরি করে আন্দোলন বন্ধ করার অপচেষ্টা হচ্ছে।"
তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারগুলোর ওপর হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এনসিপির নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
"আমরা কি এসব হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনও ভয় পাইনি, এখনও পাই না,"—বলেছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ, ছাত্র ও জনতা বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই ঢাকাবাসীও রাজপথে নেমেছিল। যাত্রাবাড়ী, শনির আখড়া ও সাভারেও জনগণ আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে।
নাহিদ ইসলাম বলেন, "নারায়ণগঞ্জের ভূমিকা গণঅভ্যুত্থানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই শহরের ৫৬ জন শহীদ হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।"
এ সময় আরও উপস্থিত ছিলেন—দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।