সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমিরের অসুস্থতা, বসে থেকেই বক্তৃতা শেষ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সমাবেশের বক্তব্য শেষ করেছেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বক্তৃতার একপর্যায়ে হঠাৎ করে মঞ্চে পড়ে যান। তখন সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতারা ছুটে এসে তাকে ধরেন। পাশে থাকা চিকিৎসকরাও এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।
মিনিট দুয়েকের মধ্যেই ডা. শফিকুর রহমান আবার উঠে দাঁড়িয়ে বক্তৃতা চালিয়ে যান। তবে কিছুক্ষণ পর পুনরায় পড়ে যান। এরপর তাকে মঞ্চে বসিয়ে বক্তৃতা চালিয়ে যেতে উৎসাহ দেন নেতারা।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অতিরিক্ত গরমের কারণে তিনি (জামায়াত আমির) অসুস্থ হয়ে পড়েছেন। যদিও চিকিৎসকরা তাকে বক্তৃতা বন্ধের পরামর্শ দেন, তবুও তিনি বসে থেকেই বক্তব্য চালিয়ে যান।
বক্তৃতায় জামায়াত আমির বলেন, "আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণ লড়াই চলবে। মুক্তি অর্জন না করা পর্যন্ত এ লড়াই থামবে না। যদি সুযোগ পাই মানুষের সেবক হয়ে থাকতে চাই, মালিক হতে চাই না।"