জামায়াতের মহাসমাবেশে বক্তব্য শেষে হাসপাতালে জামায়াত আমির
জামায়াতের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া দলটির আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের মহাসমাবেশে বক্তব্য শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিকেলে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশ নিচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। সাথে সাথে মঞ্চে থাকা অন্য নেতারা ছুটে গিয়ে তাকে সামলান। চিকিৎসকরাও দ্রুত তার পাশে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে ওঠে।
মাত্র দুই মিনিটের মধ্যে তিনি আবার বক্তব্য দিতে উঠে দাঁড়ান। তবে নেতাকর্মীরা তাকে ধরে রাখলেও কিছুক্ষণ পর ফের মঞ্চেই পড়ে যান। এরপর বসে থেকেই বক্তৃতা দেন তিনি।
ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
প্রাথমিকভাবে বক্তৃতা বন্ধ করার সিদ্ধান্ত হলেও পরে জামায়াত আমির নিজেই বসে বক্তৃতা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পরই তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।