অভিষেকেই ফিফটি করলেন ওয়েন, অস্ট্রেলিয়ার দারুণ জয়
ওয়েস্ট ইন্ডিজের সাবিনা পার্কের গ্যালারিতে হাত নেড়ে উৎসাহ দিচ্ছিলেন এক দম্পতি ও এক নারী। তারা কেউ সাধারণ দর্শক নন—ওয়েনের বাবা-মা এবং প্রেমিকা। প্রিয়জনের অভিষেক দেখতে তারা ওয়েস্ট ইন্ডিজে উপস্থিত হয়েছিলেন।
ওয়েন তাদের হতাশ করেননি। অভিষেক টি-টোয়েন্টিতে ২৬ বলে অর্ধশতক হাঁকান তিনি। অস্ট্রেলিয়া জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
বিগ ব্যাশে যৌথভাবে দ্রুততম শতকের মালিক হওয়ার পর ওয়েন দাপিয়ে খেলেছেন চারটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। পার্ল রয়্যালস (এসএ২০), পেশোয়ার জালমি (পিএসএল), পাঞ্জাব কিংস (আইপিএল) ও মেজর লিগ ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। সেখানে ব্যাট হাতে ৩১৩ রান ও বল হাতে ১৪ উইকেট নিয়ে হন টুর্নামেন্টসেরা।
এসব পারফরম্যান্সের পর জায়গা করে নেন জাতীয় দলে। প্রথম টি-টোয়েন্টিতেই সুযোগ পান একাদশে। নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচেই ফিফটি করার কীর্তি আছে রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়েন। ক্যামেরন গ্রিনও একই ম্যাচে ২৬ বলে ৫১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ৮ মাস পর টি-২০ দলে ফেরা ফ্রেসার ম্যাকগার্ক ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৭ বলে মাত্র ২ রান করে জেসন হোল্ডারের শিকার হন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ ৩২ বলে ৬০, শাই হোপ ৩৯ বলে ৫৫, শিমরন হেটমায়ার ১৯ বলে ৩৮ এবং ব্র্যান্ডন কিং ১২ বলে ১৮ রান করেন।
অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ছিলেন বিধ্বংসী। তিনি ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার, জোসেফ ও গুদাকেশ মতি নেন ২টি করে উইকেট।