বান্দরবানে এনসিপি নেতা সারজিস আলম অবাঞ্ছিত ঘোষণা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
আজ রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ছাত্রনেতাদের অভিযোগ, বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলামসহ অন্যান্য নেতারা।
তাদের বক্তব্য অনুযায়ী, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত 'জুলাই পদযাত্রা'য় সারজিস আলম বলেন,
"বান্দরবান হচ্ছে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ কর্মকর্তাদের শাস্তির জায়গা।"
ছাত্রনেতারা এই মন্তব্যকে চরম নিন্দনীয় ও পার্বত্য অঞ্চলের মর্যাদার প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন। তারা এটিকে রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার প্রকাশ্য উদাহরণ হিসেবেও অভিহিত করেন।
আসিফ ইসলাম বলেন,
"এনসিপির পক্ষ থেকে ১৯ জুলাই বান্দরবানে আয়োজিত পদযাত্রায় সারজিস আলম জনসমক্ষে ক্ষমা চাইবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না।"
এ কারণে ছাত্র সমাজ জানায়,
"সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে এনসিপির সব কার্যক্রম অবাঞ্ছিত ঘোষণা করা হলো।"
এছাড়া যারা 'শাস্তির বদলি' হিসেবে বান্দরবানে পদায়ন হয়েছেন, তাদের দ্রুত প্রত্যাহারেরও দাবি জানান ছাত্রনেতারা।