এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে অনিয়ম, ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ
চলমান এইচএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে ঢাকার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ৮ জন পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের খাতার গোপন অংশ শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানোর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
রোববার (২০ জুলাই) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে জানানো হয়, খাতা মূল্যায়নের দায়িত্ব অত্যন্ত গোপনীয়। শিক্ষার্থীদের দিয়ে এই কাজ করানো শাস্তিযোগ্য অপরাধ। এতে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—
মধুছন্দা লিপি (বারৈচা কলেজ, নরসিংদী)
মো. জাকির হোসাইন (হাজী ইউনুছ আলী কলেজ, সাভার)
মো. রাকিবুল হাসান (ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর)
মুরছানা আক্তার (রোকেয়া আহসান কলেজ, ডেমরা)
আবু বকর সিদ্দিক (মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ)
সমীরময় মন্ডল (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী)
মো. সাখাওয়াত হোসাইন আকন (যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)
মহসীন আলামীন (সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ)
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে।
চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।