উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এ উপলক্ষে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক আহতকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।