উত্তরার বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক ও সমবেদনা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটির বাংলাদেশ মিশন।
সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, "উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় শিশুসহ অনেকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
বার্তায় আরও উল্লেখ করা হয়, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি জাতিসংঘ আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতিসংঘের বাংলাদেশ মিশনও অংশ নেবে।
জাতিসংঘ জানায়, এই মর্মান্তিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সংস্থাটি।