মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে এনসিপির পদযাত্রা স্থগিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৭১ জন।
মর্মান্তিক এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছিল দলটি। তবে দুর্ঘটনার পর মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে এনসিপি।
এছাড়া ফেনীতেও সোমবারের পদযাত্রা কর্মসূচি বাতিল করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নেতাকর্মীরা সভাস্থলে গেলেও দুর্ঘটনার কারণে তা আর অনুষ্ঠিত হয়নি। পরে তারা ঢাকায় ফিরে যান।
সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং আকাশে ১৩ মিনিটের মতো ছিল।
এই দুর্ঘটনার পর সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশি মিশনেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নিহত ও আহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।