‘প্রশিক্ষণ বিমান নয়, যুদ্ধবিমান’— মাইলস্টোন দুর্ঘটনায় আইএসপিআরের ব্যাখ্যা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক সংবাদমাধ্যমে ঘটনাটিকে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও এটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়,
“গতকালের (২১ জুলাই) দুর্ঘটনায় যেটি বিধ্বস্ত হয়েছে তা প্রশিক্ষণ বিমান নয়। এটি ছিল যুদ্ধবিমানের মতোই সক্ষম একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি শুধু মাত্র প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল।”
আইএসপিআর আরও জানায়, বিমানটি রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি এ কে খন্দকার থেকে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর, দুপুর ১টা ১৮ মিনিটে, এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
চীনে তৈরি এই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা রয়েছেন। বাকি নিহতরা সবাই শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, দুর্ঘটনায় আরও ৭৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।