বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মাইলস্টোন দুর্ঘটনায় ছামীমের মৃত্যু, মায়ের আহাজারিতে ভারী শরীয়তপুর

মাইলস্টোন দুর্ঘটনায় ছামীমের মৃত্যু, মায়ের আহাজারিতে ভারী শরীয়তপুর

favicon
অনলাইন সংস্করণ
মাইলস্টোন দুর্ঘটনায় ছামীমের মৃত্যু, মায়ের আহাজারিতে ভারী শরীয়তপুর

‘‘স্কুল থেকে ফোন দিয়ে বলল, দুর্ঘটনা হয়েছে, হাসপাতালে আসেন। গিয়ে দেখি, আমার বাবারে চেনা যায় না, চেহারা পুড়ে গেছে। বারবার বলত— ‘আম্মু, একটু পানি খাওয়াও’। আমি খাওয়াতে পারলাম না। ও বাঁচতে চেয়েছিল, আমি পারলাম না।’’


এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কালের কণ্ঠকে বলছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ ছামীমের (১৩) মা জুলেখা বেগম।


ছামীম শরীয়তপুরের সখিপুর উপজেলার ডিএম খালি মাঝিকান্দি এলাকার বাসিন্দা। তার বাবা কালিমউদ্দিন মাঝি সৌদি আরবে ব্যবসা করতেন। গত বছর ডিসেম্বর মাসে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ছামীমের মা, বড় ভাই জাহিদ হাসান ও বোন ফারজানা কণিকা ঢাকার দিয়াবাড়ি এলাকায় একটি নিজস্ব ফ্ল্যাটে থাকেন।


ছামীম আগে একটি নূরানী মাদরাসায় পড়ালেখা করলেও চলতি বছরের জানুয়ারিতে মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।


সোমবার (২১ জুলাই) দুপুরে ছুটির সময় যখন শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে বের হচ্ছিল, ঠিক তখনই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। গুরুতর আহতদের মধ্যে ছামীমও ছিল। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।


মঙ্গলবার সকাল ৯টায় ডিএম খালি চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই ছামীমকে দাফন করা হয়।


এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী। ছামীমের মৃত্যুর খবরে শরীয়তপুরের গ্রামে ও জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।