মাইলস্টোন দুর্ঘটনার পর ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার।
এর আগে, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রেক্ষিতে মধ্যরাতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৬৫ জন।