‘দায় শুধু রাষ্ট্রের নয়, আমাদেরও’—বিমান দুর্ঘটনায় মুখ খুললেন পারশা মাহজাবীন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬৫ জন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিনোদন অঙ্গনেও তারকাদের শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণিও শোক জানিয়েছেন।
সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে পারশা লিখেছেন, ‘আজকের এ ঘটনার দায় অবশ্যই রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুল তুলবো না? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া ১০০ টাকা চাইল, সিএনজি চালক এক মিনিটের পথের জন্য ১,০০০ টাকা দাবি করল। রক্তাক্ত বাচ্চাদের দেখেও প্রাইভেটকারগুলো পাশ কাটিয়ে চলে গেল। তাহলে কি শুধু রাষ্ট্রীয় অব্যবস্থার কারণেই এসব ঘটছে? এটা তো পুরো সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ।’
পারশা আরও বলেন, ‘বন্যার সময় মাঝিরা হাজার হাজার টাকা ভাড়া হাঁকিয়েছিল, মেলায় সবাই মিলে লুটপাট করেছিল। গণভবনের বিড়াল-মাছও ছাড় পায়নি। আমাদের সমাজের এই নৈতিক অবক্ষয় থেকেই তো দুর্নীতির জন্ম হয়। ক্ষমতা যারই হোক, চরিত্রের সমস্যা সবার।’
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে স্কুল ভবনে আগুন ধরে যায়। সেই সময় ভবনে চলছিল কোচিং ও প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১ জনে। তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।