নোয়াখালীর চরএলাহী ও চরফকিরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ও চরফকিরা ইউনিয়নে পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলো—চরএলাহীর ৩ নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৮) এবং চরফকিরার ৫ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. ইয়াসিন (৭)। শাহাদাত স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ইয়াসিন পড়ত প্রথম শ্রেণিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে শাহাদাত তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানকার সামনের রাস্তায় আজ সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, সকাল ৯টার দিকে ইয়াসিন মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতদের পরিবার মামলা করতে রাজি হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হচ্ছে। দুটি ঘটনার ক্ষেত্রেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।