মাইলস্টোন ট্র্যাজেডি: সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা গেট বন্ধ করে দেওয়া সচিবালয়ের বাইরে বসে পড়ে স্লোগান দিতে থাকেন। এর ফলে গুলিস্তান জিরো পয়েন্টের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক। এর মধ্যে প্রায় ৭০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার পরও আজকের (মঙ্গলবারের) এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, গভীর রাতে পরীক্ষার স্থগিতাদেশ আসায় অনেক শিক্ষার্থী বিষয়টি জানতে পারেনি। ফলে অনেকে আজ সকালে পরীক্ষাকেন্দ্রে চলে গেছে, এতে তারা বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হয়েছেন।
শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের পদত্যাগ দাবি করেছেন। এছাড়া তারা মাইলস্টোন স্কুলের ছয় দফা দাবিও তুলে ধরেন।
এর আগে সকাল ১০টা থেকে উত্তরা দিয়াবাড়ী গোলচত্বরে শত শত শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। লেখা ছিল— ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. নিহতদের সঠিক নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
৫. বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমান বাতিল
৬. নিরাপদ ও মানবিক প্রশিক্ষণ পদ্ধতি চালুর দাবি।
বেলা সাড়ে ১১টার দিকে মাইলস্টোন স্কুলে পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। সেখানেও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারা।