মাইলস্টোন দুর্ঘটনায় শাকিব খানের জরুরি রক্তদানের আহ্বান
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। জরুরি এ সংকট মোকাবিলায় ‘নেগেটিভ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের হাসপাতালে যেতে বললেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা (বামে) এবং ঢালিউড মেগাস্টার শাকিব খান (ডানে)। ছবি: সংগৃহীত
তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা (বামে) এবং ঢালিউড মেগাস্টার শাকিব খান (ডানে)। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
২ মিনিটে পড়ুন
সোমবার (২১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন শাকিব। লেখেন, রাজধানীর উত্তরায় হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে! এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা ‘নেগেটিভ’ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন।
শাকিব খান আরও লেখেন, আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে পারে তাদের জীবন!
* হাসপাতাল: ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ।
* যেকোনো প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999-এ কল করুন। বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।
আরও পড়ুন: দুঃসংবাদের মাস হয়ে উঠেছে ‘জুলাই’: সামিরা খান মাহি
সবশেষে এ চিত্রনায়ক লেখেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন: বর্ষা
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জুনিয়র সেকশনের ভবনে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।