সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে পড়া: পুলিশের লাঠিচার্জে আহত ৩০ জন ঢামেকে ভর্তি
রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢামেকের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
ঘটনার সূত্রপাত দুপুর থেকে, যখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, রাত ৩টায় পরীক্ষা স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হন এবং ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামেন।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছেন, নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।