মেসির বডিগার্ড ডি পল যাচ্ছেন ইন্টার মায়ামিতে, চুক্তির মূল্য ১৫ মিলিয়ন ইউরো
চার বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে এই চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
ডি পলকে দলে ভেড়াতে চায় ইন্টার মায়ামি মূলত মাঝমাঠের শক্তি বাড়ানোর লক্ষ্যে। ক্লাব বিশ্বকাপ এবং সাম্প্রতিক মেজর লিগ সকারে মাঝমাঠে দুর্বলতা স্পষ্ট হওয়ায় তার প্রয়োজনীয়তা অনুভব করেছে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।
তবে, ডি পলের সঙ্গে অ্যাটলেটিকোর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। আলোচনায় সব কিছু চূড়ান্ত হলে চুক্তির এক বছর আগেই তিনি মাদ্রিদ ছাড়বেন।
২০২১ সাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন রদ্রিগো ডি পল। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। জাতীয় দলের হয়েও তিনি সমান সফল—২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ডি পলকে মেসির ‘বডিগার্ড’ বলেও অভিহিত করা হয়, কারণ মাঠ ও মাঠের বাইরে লিওনেল মেসির পাশে তার উপস্থিতি বরাবরই দৃশ্যমান। তার ইন্টার মায়ামিতে যোগদানে ক্লাবটির আর্জেন্টাইন তারকাদের লাইনআপ আরও জমজমাট হয়ে উঠবে।