বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমশিক্ষা“চলে যেতে বললে চলে যাব”—বিমান দুর্ঘটনায় শিক্ষা উপদেষ্টার মন্তব্যে বিতর্ক

“চলে যেতে বললে চলে যাব”—বিমান দুর্ঘটনায় শিক্ষা উপদেষ্টার মন্তব্যে বিতর্ক

favicon
অনলাইন সংস্করণ
“চলে যেতে বললে চলে যাব”—বিমান দুর্ঘটনায় শিক্ষা উপদেষ্টার মন্তব্যে বিতর্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা রয়েছে বলে মনে করেন না শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে চলে যেতে বললে আমি চলে যাব।"


এ সময় তিনি আরও জানান, শিক্ষাসচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত, যার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দেওয়ার দায়িত্বও তার নয় বলে জানান উপদেষ্টা।


এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি প্রসঙ্গে চৌধুরী আবরার বলেন, "এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। এটি একক সিদ্ধান্তে হয় না।" তিনি জানান, রাতের গভীরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুতই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।


উল্লেখ্য, সোমবার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়, মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। কিন্তু সিদ্ধান্তে দীর্ঘসূত্রিতার কারণে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।


গতকাল মঙ্গলবার, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের বের করে দেয়। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হন, এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।