বরিশাল টেক্সটাইল কলেজে ৭ দফা দাবিতে পঞ্চম দিনের শাটডাউন
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সাত দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলছে শাটডাউন ও বিক্ষোভ। বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখেন।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান। তারা বলেন, প্রায় দুই দশক ধরে শিক্ষক সংকট, দুর্বল অবকাঠামো ও একাডেমিক বিশৃঙ্খলার মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস পেয়েও কোনো বাস্তব পরিবর্তন হয়নি।
শিক্ষার্থীরা জানান, “প্রতিশ্রুতি নয়, আমরা এবার বাস্তব সমাধান চাই। প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করব।”
২২ জুলাই বুটেক্স, বস্ত্র অধিদপ্তর এবং অধিভুক্ত কলেজগুলোর ত্রিপক্ষীয় বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তাদের। শুধু বরিশাল নয়, আন্দোলনের ঢেউ পৌঁছেছে আরও আটটি বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজেও।
শিক্ষার্থীদের সাত দফা দাবি:
পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
ল্যাব আধুনিকীকরণ ও জনবল নিয়োগ
সংশোধিত নিয়োগবিধির অনুমোদন
কলেজের অধিভুক্তি নবায়ন
একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন
বাজেট বরাদ্দ বৃদ্ধি
সাপ্লিমেন্টারি ও রি-টেক ফি হ্রাস
কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদের বেপারী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।
তবে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং প্রয়োজনে আন্দোলনের ধরন আরও তীব্র হবে।