রাজধানীর বাজারে ইলিশের কেজি ২৬০০, সবজির দামেও আগুন
রাজধানীর বাজারে বেশিরভাগ শাকসবজি ও মাছের দাম বাড়লেও কিছুটা স্বস্তি মিলেছে ব্রয়লার মুরগির দামে। শুক্রবার (২৫ জুলাই) নয়াবাজার, কারওয়ানবাজারসহ আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চড়া মাছের বাজার:
সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ইলিশে ২০০-৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়, যা আগের দাম ছিল ২২০০ টাকা। অন্য সাইজের ইলিশের দামও বেড়েছে। এছাড়া অন্যান্য মাছ যেমন বোয়াল, কোরাল, আইড়, রুই, পাবদা, শিং, ট্যাংরা, মলা ইত্যাদির দামেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
বিক্রেতাদের মতে, সাগরে ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশসহ বেশিরভাগ মাছ।
চাল আগের দামেই, কিন্তু কমার লক্ষণ নেই:
মিনিকেট চাল ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই টিকে আছে।
সবজির বাজারেও আগুন:
বৃষ্টির অজুহাতে সবজির দাম বেড়েছে। বাজারে কচুরমুখী ৫০-৬০, ঢ্যাঁড়শ ৪০, পটোল ৪০, বরবটি ৬০, বেগুন ৮০, কচুর লতি ৬০-৭০, গাজর ৬০, করলা ৫০-৬০, টমেটো ১২০, শসা ৭০ এবং ধনেপাতা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
লাউ ও চালকুমড়া প্রতি পিস ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৫৫-৬৫, আলু ২৫, দেশি রসুন ১০০-১৩০ এবং আদা ১৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
সবজি বিক্রেতারা জানাচ্ছেন, বৃষ্টির কারণে ক্ষেত প্লাবিত হওয়ায় সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে ৫-১০ টাকা পর্যন্ত।
কাঁচা মরিচে কিছুটা স্বস্তি:
কাঁচা মরিচের দাম কমে এসেছে ১৮০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ২০০ টাকার ওপরে ছিল। আমদানি শুরু হওয়ায় এ দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মুরগির বাজারে মিশ্র প্রতিক্রিয়া:
ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে ১৬০ টাকায় নেমেছে। তবে সোনালি মুরগির দাম বেড়ে ৩০০-৩২০ টাকায় পৌঁছেছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৭০০, সাদা লেয়ার ৩০০ এবং লাল লেয়ার ৩২০ টাকা কেজি দরে। হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।
বৃষ্টির কারণে মুরগির সরবরাহ কম হওয়ায় কিছু জাতের দামে বাড়তি চাপ পড়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।