চিরবিদায় হাল্ক হোগান: রেসলিংয়ের কিংবদন্তি আর নেই
বিশ্ব রেসলিং অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব টেরি জিন বোলিয়া, যিনি ‘হাল্ক হোগান’ নামে পরিচিত, ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ব রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ডব্লুডব্লুই এক শোকবার্তায় জানায়, “ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮০-এর দশকে পপ কালচারের এক প্রতীক হয়ে ওঠেন হোগান এবং ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অসামান্য ভূমিকা রাখেন।”
আশির দশকে রেসলিংয়ের সোনালি যুগে ‘পোস্টারবয়’ হিসেবে খ্যাত হাল্ক হোগান সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তার বিখ্যাত সংলাপ— “Say your prayers and eat your vitamins” এবং বাহুর শক্তিমত্তা নিয়ে গর্বিত উক্তি— “24-inch Pythons” এর মাধ্যমে।
তবে ২০১৫ সালে একটি বর্ণবাদী মন্তব্যসংবলিত ভিডিও ফাঁস হওয়ার পর হোগানের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে। সমালোচনার মুখে পড়ে ডব্লুডব্লুই থেকে সাময়িকভাবে বহিষ্কৃতও হন তিনি।
তারপরও, রেসলিং অঙ্গনের ইতিহাসে তার প্রভাব ও জনপ্রিয়তা আজও অমলিন। হাল্ক হোগান হয়ে থাকবেন সেই কিংবদন্তি, যিনি প্রজন্মের পর প্রজন্মকে রেসলিংয়ের প্রতি আগ্রহী করে তুলেছেন।