জাল নোটে ক্ষতিগ্রস্ত গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস
ঈদের হাটে জাল টাকার প্রতারণার শিকার গরু বিক্রেতা রইস উদ্দিনকে এবার পবিত্র ওমরা পালনের সুযোগ করে দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সৌদি আরবে ওমরা পালনের সম্পূর্ণ খরচ বহন করেছেন অভিনেত্রী নিজেই।
শুক্রবার (২৫ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন রইস উদ্দিন। রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন,
“অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন। তিনি কথা রেখেছেন। আমি যাচ্ছি, পবিত্র ওমরা পালন করতে।”
চলতি বছর ঈদুল আজহার সময় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে একটি গরু বিক্রি করতে গিয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। তবে পরে দেখা যায়, টাকার বান্ডেলে রয়েছে জাল নোট। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষসহ অনেকেই এগিয়ে আসেন সাহায্যে।
এ সময় রইস উদ্দিনের পাশে দাঁড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস।
অপু বলেন,
“আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে জানতে পারি চাচার ওমরা পালনের খুব ইচ্ছা। তিনি আমার বাবার মতো। তাই একজন মেয়ে হিসেবে আমি তার ওমরার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিই। যদি তিনি তখন না যেতে চাইতেন, তাহলে তাঁর হাতে ৫০ হাজার টাকা তুলে দিতাম বলেছিলাম। কিন্তু তিনি ওমরা করতে চান। তাই তার সব ব্যবস্থা করে দিয়েছি।”
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন রইস উদ্দিনকে গরু বিক্রির সমপরিমাণ টাকা অনুদান হিসেবে দেয়। এরপর বৃদ্ধের ওমরার ইচ্ছার কথা জানতে পেরে ফাউন্ডেশন অপু বিশ্বাসকে অনুরোধ জানায় সহযোগিতার জন্য। অপু বিশ্বাসও সাড়া দেন মানবিক উদ্যোগে।
এভাবেই ঈদের বাজারে প্রতারণার শিকার একজন সাধারণ বৃদ্ধ, মানুষের ভালোবাসা ও এক তারকার সহানুভূতির কারণে পৌঁছে গেছেন পবিত্র ভূমিতে।