শুল্ক কমানোর সম্ভাবনা, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ‘সুখবর’ দেওয়ার ইঙ্গিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ জুলাই। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে শুল্ক কমানো নিয়ে আলোচনা হবে এবং বৈঠকের আগেই সুখবর আসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় ডকুমেন্ট ও উদ্যোগের তথ্য দিয়েছে। এর মধ্যে রয়েছে তুলা, সয়াবিন, গম ও বোয়িং বিমান কেনার মতো বড় অর্ডার, যা বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা হিসেবে বিবেচিত। চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০০ একর জমি দিয়ে তুলা সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র যদি এসব উদ্যোগের মূল্যায়ন করে, তাহলে ১ আগস্টের আগেই কোনো ইতিবাচক ঘোষণা আসতে পারে। যদিও এখন পর্যন্ত ৩৫ শতাংশ বাড়তি শুল্ক বহাল আছে, সরকার আশা করছে তা কমে ১৮-২০ শতাংশে নেমে আসবে।
এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, শুল্ক আলোচনার বিষয়ে সরকার কোনো অবস্থাতেই দেশের স্বার্থ ক্ষুণ্ন হতে দেবে না। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি বৈঠকেরও প্রস্তুতি নিচ্ছি, তবে আপাতত ২৯ জুলাইয়ের ভার্চুয়াল বৈঠকের দিকেই তাকিয়ে আছি।”
এর আগে দুই দফায় বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে গিয়ে আলোচনা করেছে। উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের লবিস্ট ব্যবহার ছাড়াও এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা করছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে ১ আগস্ট থেকে ৫০ শতাংশ গড় শুল্কহার কার্যকরের ঘোষণা দেন। তবে বাংলাদেশ এখনো শুল্ক হ্রাসে আশাবাদী।