বঙ্গোপসাগরে নিম্নচাপ: টেকনাফ ও কুয়াকাটায় মেরিন ড্রাইভ ভাঙনের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ঢেউয়ের তোড়ে কক্সবাজারের টেকনাফ ও পটুয়াখালীর কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। এতে উপকূলীয় এলাকায় পানি ঢুকে জনদুর্ভোগ চরমে উঠেছে।
শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা গেছে, টেকনাফে আড়াই কিলোমিটারজুড়ে মেরিন ড্রাইভ ভেঙে গেছে। বাঁধে ফাটল ধরায় সেখান দিয়ে পানি ঢুকে পড়ছে। এর ফলে কুতুবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের সড়ক ও বসতি প্লাবিত হয়েছে।
একইভাবে মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে জোয়ারের পানি। কুয়াকাটায়ও মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো মেরিন ড্রাইভ ধসে পড়তে পারে।
অন্যদিকে, নোয়াখালীর হাতিয়া ও জেলা সদরের নিচু এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।