শিপিং খাতে আয় বাড়াতে আরও ৩টি জাহাজ কিনছে সরকার: নৌ উপদেষ্টা
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার, জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের আয় বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তিনি জানান, হংকং কনভেনশন মেনে চলায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে ‘গ্রীন শিপইয়ার্ড’ সনদ পেয়েছে এবং আরও কয়েকটি ইয়ার্ড পাইপলাইনে রয়েছে।
তবে যেসব প্রতিষ্ঠান এখনো এই সনদ পায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে সতর্ক করেন উপদেষ্টা। পাশাপাশি, নিয়মনীতি অনুসরণে ইয়ার্ডগুলো যাতে সহজে সনদ পেতে পারে, সেজন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।