ওএমআর উত্তরপত্রে দায়িত্বহীনতা: আজীবন বহিষ্কৃত ৮ পরীক্ষক
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ওএমআর উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীন আচরণ ও অবহেলার কারণে আটজন পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—সেন্ট যোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মহসীন আলামীন, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলেকজান্ডার মিয়া, বারৈচা কলেজের শিক্ষিকা মধুছন্দা লিপি, রোকেয়া আহসান কলেজের শিক্ষিকা মুরছানা আক্তার, হাজী ইউনুছ আলী কলেজের প্রভাষক মো. জাকির হোসাইন এবং ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রাকিবুল হাসান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব পরীক্ষক ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ওএমআর উত্তরপত্রের বৃত্ত শিক্ষার্থীদের দিয়ে ভরাট করিয়েছেন, যা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও পরীক্ষার নীতিমালার লঙ্ঘন।