চাঁদপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপে শান্ত পরিস্থিতি
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রহিমানগর বাজারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারীরা একটি সমাবেশ ডাকে। একই সময়ে কাছাকাছি স্থানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেনের অনুসারীরাও আলাদা সমাবেশ আয়োজন করে।
একপর্যায়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি কটুক্তিমূলক স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।