রাজধানীতে আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রবিবার (২৭ জুলাই) সকাল থেকে আগামী ছয় ঘণ্টা পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের প্রায় সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে, সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।