ডেভিডকে বিশ্রাম, তবুও অজিদের জয়; ৪-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
চলমান ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (২৭ জুলাই) ব্যাসেটেরে অনুষ্ঠিত ম্যাচে টিম ডেভিডকে বিশ্রামে রেখেও ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পেয়েছে সফরকারী দলটি। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
টসে হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের প্রায় সব ব্যাটারই রান পেলেও কেউই পঞ্চাশ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩১ রান আসে শার্ফেন রাদারফোর্ডের ব্যাট থেকে, ১৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায়। রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েল করেন ২৮ রান করে।
জবাবে শুরুটা ভালো না হলেও অস্ট্রেলিয়ার ব্যাটাররা দৃঢ়তা দেখান। ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শ আউট হয়ে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেটে জশ ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েল গড়েন ৬৬ রানের ঝড়ো জুটি। ম্যাক্সওয়েল ১৭ বলে করেন ৪৭ রান, আর ইংলিশ ৩০ বলে করেন ৫১ রান।
এই দুই ব্যাটার আউট হওয়ার পর কিছুটা চাপ তৈরি হলেও, ক্যামেরুন গ্রিন ও অ্যারন হার্ডির ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। হার্ডি ১৬ বলে ২৩ রান করে আউট হন, আর গ্রিন ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা, যিনি ৪ ওভারে ৫৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট ও শন অ্যাবট নেন ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জেদিয়া ব্লেডস, যিনি ৩টি উইকেট নেন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।