চলচ্চিত্রে ডাক নেই, জীবনের বাস্তবতায় লড়ছেন অভিনেত্রী নাসরিন
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম অভিনেত্রী নাসরিন এখন পর্দার আড়ালে। ৫০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করলেও গত চার বছরে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। অভিনেত্রীর ভাষ্যে, ২০১৯ সালের পর কোনো ছবিতে কাজ করেননি—তাকে আর কেউ ডাকে না।
চলচ্চিত্রে কাজ না পাওয়ার পেছনে নাসরিন মূলত নির্মাণ কমে যাওয়াকেই দায়ী করেন। তিনি বলেন, "এখন দেশে চলচ্চিত্রই কম তৈরি হচ্ছে। আর যা হচ্ছে, তাতেও পরিচিত মুখ বা পছন্দের শিল্পীদের নিয়েই কাজ করা হয়। ফলে সুযোগও মিলছে না।"
১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের ‘লাভ’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। একই বছরে মুক্তি পাওয়া ‘অগ্নিশপথ’ ছবিকেও অনেকে তার প্রথম কাজ বলে উল্লেখ করেন। তবে অভিনেত্রী হিসেবে দেশজুড়ে পরিচিতি পান কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধে।
চলচ্চিত্রে কাজ না থাকায় অনেক জুনিয়র শিল্পী চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান নাসরিন। তিনি বলেন, “আমরা অন্তত কিছুটা সঞ্চয় করতে পেরেছিলাম। সেই টাকায় জমি কিনেছি, এখন তা ভাড়া দিয়ে সংসার চলে। কিন্তু যারা ছোটখাটো চরিত্রে কাজ করতেন, তাদের এখন খাবার জোটে না, চিকিৎসার অভাবে অনেকে মারা গেছেন।”
মঞ্চ ও সার্কাসে পারফর্ম করে আগে আয় হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতি এমন যে সেগুলোর আয়োজনও প্রায় বন্ধ। সম্প্রতি সিরাজগঞ্জে একটি মঞ্চ প্রোগ্রামে অংশ নেওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় সেটিও বাতিল হয়।
চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়েও হতাশ নাসরিন। তার মতে, “এই শিল্প এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসা কঠিন। আর আশা করার কিছু নেই।”
এক সময়ের জনপ্রিয় কৌতুক জুটি দিলদার-নাসরিন আজ শুধু স্মৃতি। সেই আলোচিত যুগল এখন শুধুই অতীত, আর অভিনেত্রী নাসরিন লড়ছেন বর্তমানের কঠিন বাস্তবতার সঙ্গে।